নরসিংদীতে আদালত চত্বরেই হামলার শিকার ছাত্রদল নেতা

নরসিংদী আদালত ভবনের নিচতলায় সিডিআর রুমের সামনে আদালতে হাজিরা শেষে বের হওয়ার মুহূর্তে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন ছাত্রদল নেতা সিয়াম হোসেন (২৮)।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সিয়াম পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং এমরান মিয়ার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, গত বছরের ডিসেম্বরে ঘোড়াশালের পাইকসা এলাকায় দায়ের হওয়া একটি ছিনতাই মামলায় তিনি এদিন আদালতে হাজিরা দিতে যান। হাজিরা শেষে আদালত ভবনের সিডিআর রুমের সামনে পৌঁছালে অজ্ঞাত সন্ত্রাসীরা লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাকে গুরুতর জখম করে। আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা ও আদালত পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তার মাথায় চারটি সেলাইসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক সাইরুল ইসলাম জানান, প্রতিপক্ষরা আদালতের জজকোর্টের তিন নম্বর গেট এলাকায় সিয়ামের ওপর অতর্কিত হামলা চালায়। খবর পেয়ে কোর্ট পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।