বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

আশুলিয়ায় বাসে অগ্নিসংযোগ: চালক আহত

আশুলিয়ায় বাসে অগ্নিসংযোগ: চালক আহত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঢাকার আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করে রাখা আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা আতঙ্ক সৃষ্টির জন্য কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে। ঘটনায় বাসের চালক আহত হয়েছেন।

বুধবার ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে দুজন মুখোশধারী এসে হঠাৎ বাসে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটির প্রায় ৮০ শতাংশ অংশ পুড়ে যায়।

বাসের চালক আব্দুস সাত্তার বলেন, “বাসের ভেতরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আগুন দেখে জানালা দিয়ে লাফিয়ে নামি। তখন দেখি চারজন দুইটি মোটরসাইকেলে দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করলে তারা কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে আমার হাঁটুতে আঘাত পাই।”

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কোনো হতাহতের খবর নেই।”

বাসের মালিক মো. সোহেল বলেন, “এটাই ছিল আমার একমাত্র জীবিকার উৎস। যারা এ ক্ষতি করেছে, আমি তাদের বিচার চাই এবং সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানাই।”

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, “মোটরসাইকেল আরোহীরা বাসে আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনায় মামলা নেওয়ার প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।”


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন