মাধবদীতে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ১৫

নরসিংদীর মাধবদীতে খেয়াঘাটের অতিরিক্ত ভাড়া আদায় ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকালে চরদীঘলদী ইউনিয়নের জিতরামপুর এলাকায় শহিদ মেম্বার ও চাঁন মিয়া গ্রুপের মধ্যে এ সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খেয়াঘাটের ভাড়া নিয়ে বিরোধ ও এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলে আসছিল। এর জেরে গত সোমবার ও মঙ্গলবারও দুই দফায় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। তখন অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
তিনি আরও বলেন, শনিবার সকালে পুলিশ না থাকার সুযোগে মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের লোকজন টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
আহতদের মধ্যে কয়েকজন নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিলেও, গ্রেপ্তার এড়াতে অনেকেই গোপনে বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত বলে জানিয়েছেন ওসি নজরুল ইসলাম।