সোমবার, ২৯ জুন ২০২৬
Natun Kagoj

রামপুরা হত্যাকাণ্ড: রেদোয়ানুলের মামলা শুনানি পিছিয়েছে

রামপুরা হত্যাকাণ্ড: রেদোয়ানুলের মামলা শুনানি পিছিয়েছে
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জাতীয় জুলাই-আগস্ট আন্দোলন সংক্রান্ত রামপুরায় ২৮ জন নিহত হওয়া ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ পিছিয়ে ২৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বে দুই সদস্যের বিচারিক প্যানেল এ তারিখ নির্ধারণ করেন। প্যানেলের অন্য সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন এ মামলার শুনানির তারিখ পেছানোর আবেদন করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। পরে আবেদন মঞ্জুর করে নতুন দিন ঠিক করেন ট্রাইব্যুনাল।

বর্তমানে চার আসামির দুজন কারাগারে রয়েছেন। রেদোয়ানুল ছাড়া অন্য আসামি হলেন বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মো. রাফাত বিন আলম। দুজনকেই গত ২২ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল-১। পাশাপাশি পরবর্তী শুনানির জন্য ৫ নভেম্বর দিন ধার্য করা হয়। তবে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ নতুন তারিখ তথা ২৪ নভেম্বর ঠিক করা হয়। 

এ মামলার পলাতক দুই আসামি হলেন- ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান।

উল্লেখ্য, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় দেশজুড়ে ব্যাপক হত্যাযজ্ঞ চলেছে। এর মধ্যে রামপুরায় নিহত হয়েছেন ২৮ জন। আহত হয়েছেন আরও অনেকে। রামপুরায় বিজিবি কর্মকর্তা রেদোয়ানুলকে আন্দোলনকারীদের সরাসরি গুলি ছুড়তে দেখা যায়। এছাড়া অন্যরাও নেতৃত্ব দিয়েছিলেন এ হত্যাযজ্ঞে। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালে চারজনের বিরুদ্ধে আলাদা ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। এর আগে তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত সংস্থার কর্মকর্তারা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ