আশুলিয়ায় সেনা অভিযানে অস্ত্রসহ তিন যুবক আটক

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রধারী গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে জামগড়া আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা।
এ সময় তাদের কাছ থেকে একটি অত্যাধুনিক শটগান, দেশীয় তৈরি ধারালো অস্ত্র, চাঁদাবাজির টাকা ও বিভিন্ন অপরাধে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোররাত ৪টার দিকে আশুলিয়ার ঘোষবাগ পূর্বপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
আটককৃতরা হলো- ঘোষবাগ এলাকার শহিদুলের ছেলে বিশাল (২০), রইস উদ্দিনের ছেলে নাজমুল (২০) এবং আহসান হাবিবের ছেলে শিপন (২১)।
যৌথ বাহিনীর সদস্যরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘোষবাগ পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্ত্রধারী তিন গ্যাং সদস্যকে আটক করা হয়। পরে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি শটগান, ১৩টি চাপাতি, ৪টি ছুরি, একটি তার কাটার, চাঁদাবাজির ৩৬ হাজার ৭৬০ টাকা এবং ৬টি মোবাইল ফোন।
পরে আটক তিনজন ও উদ্ধারকৃত অস্ত্রসমূহ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, “সেনা সদস্যরা রাতে অস্ত্রসহ তিনজনকে থানায় হস্তান্তর করেছে। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া অত্যাধুনিক শটগান ও দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”