বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

নরসিংদীতে ভুল চিকিৎসা ও অবহেলার দায় এড়াতে হুশিয়ারি দিয়ে মানববন্ধন

নরসিংদীতে ভুল চিকিৎসা ও অবহেলার দায় এড়াতে হুশিয়ারি দিয়ে মানববন্ধন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নরসিংদীতে একের পর এক ভুল চিকিৎসা ও চিকিৎসকদের অবহেলায় প্রাণ যাচ্ছে রোগীর, শোকের মাতম বইছে পরিবারে, তবুও দায়ীদের বিরুদ্ধে নেই কোনো কার্যকর ব্যবস্থা। বরং আজ রোববার নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে হাসপাতাল মালিকদের সংগঠন উল্টো হুমকি দিয়েছেন চিকিৎসক ও কর্মীদের নিরাপত্তা না দিলে সারা দেশে সেবা বন্ধ করে দেওয়া হবে।

মাধবদীর একটি হাসপাতালে সিজারের পর মা ও নবজাতকের মৃত্যু, সিটি হাসপাতালে প্রসূতি সোনিয়া আক্তারের মৃত্যু, এর আগেও শহর ও শিবপুরে একাধিক রোগীর মৃত্যু সব জায়গায় একই অভিযোগ, চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসা। পরিবারগুলো বিচার চাইতে গিয়ে বারবার বিক্ষোভে নামলেও কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি। শেষে তারাও জিম্মি হয়ে পড়ে অর্থের লেনদেনে ঘটনা ধামাচাপা পড়ে যায়। 

সাধারণ মানুষ বলছে, এসব মানববন্ধন আসলে দায় এড়ানোর কৌশল। রোগীর মৃত্যু নিয়ে প্রশ্ন না তুলে হাসপাতাল মালিকরা নিরাপত্তার অজুহাতে হুঁশিয়ারি দিচ্ছেন। এতে মানুষের ক্ষোভ আরও বাড়ছে। অভিযোগ রয়েছে, জেলার অনেক ক্লিনিক ও হাসপাতাল অনুমোদনবিহীন, অপ্রশিক্ষিত কর্মী দিয়ে চলছে, আর একটি সিন্ডিকেট এসব প্রতিষ্ঠানকে রক্ষা করছে। ফলে মৃত্যু ঘটলেও কেউ জবাবদিহি করছে না।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের দাবি—প্রতিটি মৃত্যুর ঘটনায় স্বাধীন তদন্ত, দায়ীদের আইনের আওতায় আনা, লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান বন্ধ এবং স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভেঙে প্রকৃত সেবা নিশ্চিত করা।

স্থানীয়রা বলেন কোনো ঘটনা ঘটলেই তদন্ত চলছে বলে কালক্ষেপণ করা হয়। তারা বলেন তদন্তের নামে সময়ক্ষেপণ নয়, দ্রুত ও স্বচ্ছ পদক্ষেপই পারে মানুষের আস্থা ফিরিয়ে আনতে। তাদের কথায় মানববন্ধনের হুমকি হুশিয়ারী নয়, ভুল চিকিৎসার দায়ে বিচার চাই।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন