বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

শ্রীপুরে বিএনপি নেতার অশ্লীল গালি: নুরুল আমিনের বহিষ্কারের দাবি

শ্রীপুরে বিএনপি নেতার অশ্লীল গালি: নুরুল আমিনের বহিষ্কারের দাবি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

গাজীপুর-৩ (শ্রীপুর-গাজীপুর সদর আংশিক) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে অশ্লীল মন্তব্য ও গালিগালাজ করার অভিযোগে তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন আকন্দকে দল থেকে বহিষ্কারের দাবি উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এ নিয়ে দলের অভ্যন্তরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, নুরুল আমিন আকন্দ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর অনুসারী হিসেবে নিজেকে পরিচয় দিয়ে বক্তব্য রাখেন। এ সময় তিনি প্রতিদ্বন্দ্বী এমপি মনোনয়ন প্রত্যাশীদের বিরুদ্ধে অশ্লীল মন্তব্য ও অশ্রাব্য গালিগালাজ করেন।

এ নিয়ে শ্রীপুরের বিভিন্ন স্থানে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে দলীয় নেতাকর্মীরা বলছেন, এমন কুরুচিপূর্ণ বক্তব্যে বিএনপির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে এ ঘটনার তীব্র সমালোচনা ও নিন্দা ঝড় উঠেছে।

অভিযোগ রয়েছে, নুরুল আমিন আকন্দ অতীতে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সখ্য গড়ে তুলে ব্যক্তিস্বার্থে বিভিন্ন সুবিধা ভোগ করেছেন। বিগত ১৭ বছর বিএনপি রাজনীতিতে তিনি সক্রিয় ছিলেন না কিংবা কোন মিটিং মিছিলে উপস্থিত ছিলেন না বলে দাবি করছেন বিএনপির দায়িত্বশীল নেতারা। এখন হঠাৎ করে বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে তিনি ফায়দা লোটার চেষ্টা করছেন। এ কারণে তার কর্মকাণ্ডে সন্দেহ তৈরি হয়েছে অনেকের মধ্যে।

অন্যদিকে উপজেলা ও ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠনে ব্যাপক অনিয়ম ও পদ বঞ্চনার অভিযোগে ক্ষুব্ধ নেতাকর্মীরা সম্প্রতি শ্রীপুর পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। সেখানে বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একাধিক নেতা ও এমপি মনোনয়ন প্রত্যাশীরা অংশ নেন।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, “যিনি মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে অশ্লীল মন্তব্য ও গালিগালাজ করেন, তিনি কোনোভাবেই বিএনপির নেতৃত্বে থাকতে পারেন না। দলকে বিভক্ত করা, অশান্তি সৃষ্টি ও আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে নুরুল আমিন আকন্দকে অবিলম্বে বহিষ্কার করতে হবে।”


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন