শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

নরসিংদীতে গুলিতে নিহত গৃহবধূ 

নরসিংদীতে গুলিতে নিহত গৃহবধূ 
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নরসিংদীর সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের চরাঞ্চলে আবারও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের ছোড়া এলোপাতারি গুলিতে ফেরদৌসী আক্তার (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। 

শুক্রবার দুপুরে ইউনিয়নের বীরগাঁও সাতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফেরদৌসী ওই গ্রামের রায়েস আলীর স্ত্রী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে আলোকবালী চরাঞ্চলে আধিপত্য বিস্তার ও রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে বৃহস্পতিবার সকালে সংঘর্ষে ইদন মিয়া (৬০) নামের এক বৃদ্ধ নিহত হন এবং গুরুতর আহত হন আরও পাঁচজন। ওই ঘটনার রেশ ধরেই শুক্রবার দুপুরে আবার অস্ত্রধারীরা এলাকায় প্রবেশ করে এলোপাতারি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ফেরদৌসী আক্তার। পরে গ্রামবাসীর প্রতিরোধে সন্ত্রাসীরা পিছু হটে।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, “সন্ত্রাসীদের গুলিতে এক নারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে।”

এর আগে বৃহস্পতিবারের সংঘর্ষের ঘটনায় সদর হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গেলে যমুনা টিভির স্টাফ রিপোর্টার আইয়ুব খানের ওপরও হামলা চালানো হয়। তবে সাংবাদিকদের ওপর ওই হামলার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন