শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি হচ্ছে অ্যান্টিবায়োটিক ও ঘুমের ওষুধ

প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি হচ্ছে অ্যান্টিবায়োটিক ও ঘুমের ওষুধ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নরসিংদী পৌর শহর থেকে গ্রামীণ এলাকা পর্যন্ত নিয়ম-নীতি উপেক্ষা করে অবাধে গড়ে উঠছে অসংখ্য ফার্মেসি। এসব ফার্মেসির অধিকাংশের নেই প্রশিক্ষিত ফার্মাসিস্ট। শুধু পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া ট্রেড লাইসেন্সের ভিত্তিতেই চলছে ব্যবসা।

সরজমিনে দেখা গেছে, এসব ফার্মেসিতে কোনো প্রেসক্রিপশন ছাড়াই সহজে পাওয়া যাচ্ছে হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক। অপ্রাপ্তবয়স্কদের কাছেও অবাধে বিক্রি করা হচ্ছে ঘুমের ওষুধ। অভিযোগ রয়েছে, এসব ওষুধ ব্যবহার করে অনেক স্কুলপড়ুয়া কিশোর নেশার ফাঁদে জড়িয়ে পড়ছে।

এলাকাবাসীর মতে, প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি করা চরম দায়িত্বজ্ঞানহীন কাজ। এতে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। সঠিক ডোজ ও পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহারে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হতে পারে, যা ভবিষ্যতে ভয়াবহ স্বাস্থ্য সমস্যা ডেকে আনবে।

নরসিংদী পৌর শহর, ভেলানগর, সাহেপ্রতাব, মাধবদী পৌরসভা ছাড়াও ইউনিয়ন পর্যায়ে পাঁচদোনা, আমদিয়া ও মেহেরপাড়ায় এ ধরনের ফার্মেসির অস্তিত্ব মিলেছে।

সচেতন মহল বলছেন, প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি বন্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া জরুরি। পাশাপাশি প্রতিটি ফার্মেসিতে প্রশিক্ষিত ফার্মাসিস্ট নিয়োগ ও ড্রাগ লাইসেন্স যাচাই নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন