বেলাবোতে গুলিসহ পৃথক মামলায় গ্ৰেফতার ২

নরসিংদীর বেলাবতে পৃথক দুটি মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে বেলাব থানা পুলিশ। এর মধ্যে অবৈধ গুলিসহ এক যুবক এবং অপর ঘটনায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে আরেকজনকে আটক করা হয়েছে।
বেলাব থানার এসআই (নিঃ) আবদুল ছামাদ মিয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ নিয়মিত ডিউটির অংশ হিসেবে গ্রেফতারি পরোয়ানা তামিল ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে বের হন।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চর উজিলাব পশ্চিমপাড়া গ্রামের জনৈক রমজান আলীর বাড়িতে অবস্থান করছে আসামি রাফি হাসান তামিম (২২)। ৭ সেপ্টেম্বর ভোর ৫টা ২৫ মিনিটে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে তামিম।তবে পুলিশি তৎপরতায় তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি ৭.৬২ রাইফেলের গুলি উদ্ধার করা হয়, যার গায়ে স্পষ্টভাবে “RWS 7×57” লেখা ছিল। গ্রেপ্তারের পর আসামি ও আলামত থানায় আনা হয় এবং মামলাটি রুজু করে আদালতে প্রেরণ করা হয়।
অন্যদিকে, চর উজিলাব পশ্চিমপাড়ার শেফালী বেগম থানায় অভিযোগ করেন যে, তার নবম শ্রেণির পড়ুয়া কন্যা শিলা মনি (১৫) কে বিবাহের প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যায় সোহান মোল্লা (২৮)।
অভিযোগে বলা হয়, গত ২ সেপ্টেম্বর সকালে দেওয়ানেরচর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে সোহান মেয়েটিকে জোরপূর্বক গাড়িতে তুলে নিজ বাড়ি রায়পুরা থানার রামনগরহাটিতে নিয়ে যায়। সেখানে ২ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত একাধিকবার ধর্ষণ করা হয়।
পরবর্তীতে খোঁজাখুঁজির একপর্যায়ে মেয়েটিকে বারৈচা বাজার এলাকায় পাওয়া যায়। শিলা মনি ঘটনাটি পরিবারের কাছে বিস্তারিত জানালে থানায় অভিযোগ দায়ের হয়।
অভিযোগের ভিত্তিতে এসআই (নিঃ) মোহাম্মদ নবী হোসেন ও এসআই (নিঃ) শিহাব আহম্মদের নেতৃত্বে পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় ৭ সেপ্টেম্বর ভোরে রামনগরহাটি এলাকায় অভিযান চালিয়ে আসামি সোহান মোল্লাকে গ্রেপ্তার করে। পরে তাকেও আদালতে প্রেরণ করা হয়।
বেলাব থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, “গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।"