কালকিনিতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

মাদারীপুরের কালকিনিতে পাখি বেগম (২৮) নামে এক প্রবাসীর স্ত্রীকে রাতে কুপিয়ে হত্যা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে থানা পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
পাখি বেগম উপজেলার এনায়েতনগর এলাকার উত্তর মাঝের কান্দি গ্রামের সৌদি প্রবাসী সোহাগ হাওলাদারের স্ত্রী। পরিবারের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রবাসীর স্ত্রী পাখি বেগম রাতের খাবার খেয়ে ৪ বছরের শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। পরে গভীর রাতে দুর্বৃত্তরা পাখি বেগমের বসতঘরের চালের ওপর ইট-পাটকেল ছুঁড়ে মারে। এই ইট-পাটকেলের শব্দে পাখি বেগম ঘুম ভেঙ্গে দরজা খুলে বাইরের দিকে তাকান। এ সুযোগে কয়েকজন দুর্বৃত্তরা মিলে ঘরে ঢুকে ৪ বছরের শিশু সন্তানের সামনেই এলোপাতাড়ি কুপিয়ে পাখি বেগমকে হত্যা করে পালিয়ে যায়। পরে ওই শিশুর চিৎকার শুনে স্থানীরা ছুটে এসে থানা পুলিশকে খবর দেন।
এ ব্যাপারে নিহতের শ্বাশুরী নাজমা বেগম কান্না জরিত কন্ঠে বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আমার পুত্রবধুকে খুন করা হয়েছে। খুনের ঘটনা যেন কেউ টের না পায়, খুনের ঘটনার রাতে পলী বেগম তার বাড়িতে বসে ঢোলটগর পিটিয়ে নাচ গান করেছে।’
এছাড়া পলির স্বামী শাহাদাত হাওলাদার ও পলির বাবা ইউনুস সরদারের বিরুদ্ধে খুনের সঙ্গে জরিত থাকার অভিযোগ তুলেন তিনি।
এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত শাহাদাত ও ইউনুসকে এলাকায় পাওয়া যায়নি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি সোহেল রানা জানান, খবর পেয়ে আমরা পাখির মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের মাদারীপুর মর্গে প্রেরন করেছি।