তথ্য কমিশনকে কার্যকর করতে ১০০ দিনের পরিকল্পনা, শুরু হচ্ছে অভিযোগের শুনানি

তথ্য কমিশনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে ১০০ দিনের কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর আওতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে সপ্তাহব্যাপী তথ্য অধিকার (আরটিআই) মেলা আয়োজন, দীর্ঘদিন ধরে জমে থাকা অভিযোগের শুনানি শুরু এবং সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর ও রাজনীতিবিদদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তথ্য কমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব পরিকল্পনার কথা জানান প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান।
তিনি বলেন, তথ্য কমিশনের অনুমোদিত জনবল ৭৬ জন হলেও বর্তমানে কর্মকর্তা-কর্মচারী রয়েছেন মাত্র ২২ জন। সীমিত জনবল ও নানা প্রতিবন্ধকতার মধ্যেই কমিশন কার্যক্রম শুরু করেছে।
প্রধান তথ্য কমিশনার বলেন, গত ১৭ বছরে গণতান্ত্রিক চর্চায় তথ্য কমিশন উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেনি। অতীতের সীমাবদ্ধতা কাটিয়ে নিরপেক্ষ ও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে কমিশনকে গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। এ জন্য অপেক্ষা না করে বিদ্যমান জনবল দিয়েই কাজ শুরু করা হয়েছে।
১০০ দিনের পরিকল্পনার অন্যতম লক্ষ্য হলো সাধারণ মানুষের কাছে তথ্য কমিশনের কার্যক্রম ও তথ্য অধিকার আইন সম্পর্কে ধারণা পৌঁছে দেওয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের জন্য তথ্য কমিশনের দরজা খোলা—এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে চান তাঁরা।
এর অংশ হিসেবে চলতি মাসের শেষ দিকে ঢাকায় এক সপ্তাহব্যাপী আরটিআই মেলার আয়োজন করা হবে। দেশের তিনটি সরকারি ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এ মেলা অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীরা সেখানে তথ্য অধিকার আইনের আওতায় কীভাবে তথ্য চাইতে হয়, নিজেদের দাবি তুলে ধরতে হয় এবং আইনগতভাবে অধিকার আদায়ের পথ অনুসরণ করতে হয়, সে বিষয়ে জানতে পারবেন।
শিক্ষার্থীদের মধ্যে আইনসম্মত ও গণতান্ত্রিক উপায়ে অধিকার আদায়ের চর্চা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন প্রধান তথ্য কমিশনার। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিবাদ ও মব-সংক্রান্ত পরিস্থিতি দেখা গেছে। কোনো দাবি আদায়ের ক্ষেত্রে নৈরাজ্য বা মব জাস্টিসের পরিবর্তে আইনসম্মত পথ অনুসরণের ধারণা তৈরি করা প্রয়োজন। আরটিআই মেলার মাধ্যমে শিক্ষার্থীদের সেই বার্তা দিতে চায় কমিশন।
দীর্ঘদিন ধরে জমে থাকা অভিযোগ নিষ্পত্তির উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, গত দুই বছরে কমিশনে ৯১৭টি অভিযোগ জমা পড়েছে। আগামী ১৬ নভেম্বর থেকে এসব অভিযোগের শুনানি শুরু হবে।
তিনি আরও জানান, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পরও উল্লেখযোগ্যসংখ্যক অভিযোগ জমা পড়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকে সংবাদ সম্মেলনের দিন পর্যন্ত প্রায় ২০০টির বেশি নতুন অভিযোগ এসেছে। মানুষের মধ্যে তথ্য অধিকার সম্পর্কে সচেতনতা ও নিজের অধিকার আদায়ের প্রত্যাশা বাড়ায় অভিযোগের সংখ্যা বাড়ছে বলে মনে করেন তিনি।
তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রশিক্ষণ কার্যক্রমও জোরদার করা হবে। সাংবাদিকদের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটরদেরও এ প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এমনকি রাজনীতিবিদদেরও প্রশিক্ষণের আওতায় আনার কথা জানান প্রধান তথ্য কমিশনার।
তিনি বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা থাকলে প্রতিবাদ ও দাবি জানানোর ক্ষেত্রে আইনসম্মত পদ্ধতি অনুসরণ করা সহজ হবে। একই সঙ্গে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কাজকে জবাবদিহির আওতায় আনার ক্ষেত্রেও তথ্য অধিকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
১০০ দিনের পরিকল্পনার আওতায় এ ছাড়া আরও কয়েকটি কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান।