ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে চাকরি পুনর্বহালের দাবিতে অবস্থান নিয়েছেন চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। তাদের কর্মসূচির পাল্টায় ব্যাংকের স্বাভাবিক লেনদেন সচল রাখার দাবিতে অবস্থান নেয় ‘সচেতন গ্রাহক ফোরাম’।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টার পর শুরু হওয়া দুই পক্ষের কর্মসূচিতে দুপুর পর্যন্ত পাল্টাপাল্টি স্লোগান চলে। পরে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে দুই পক্ষই স্থান ত্যাগ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সচেতন গ্রাহক ফোরামের সহসভাপতি শামিম হাসনাইন অভিযোগ করেন, এস আলমের আমলে অনিয়ম ও ভুয়া সনদের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর নতুন পরিচালনা পর্ষদ যাচাই-বাছাই ও পরীক্ষার মাধ্যমে যোগ্যদের বহাল রাখার উদ্যোগ নিলেও সংশ্লিষ্টরা পরীক্ষায় অংশ নেননি। তাদের আন্দোলনের কারণে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে চাকরিচ্যুত কর্মকর্তা আনোয়ার বলেন, চাকরি হারিয়ে তারা দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। জাল সনদের অভিযোগের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের তদন্ত দাবি করে তিনি বলেন, নিয়োগ অবৈধ প্রমাণিত হলে সংশ্লিষ্টরা চাকরির মাধ্যমে পাওয়া অর্থ ফেরত দিতে প্রস্তুত। তবে অভিযোগের ভিত্তিতে সবাইকে একসঙ্গে চাকরিচ্যুত করা ঠিক হয়নি।
চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবির বিপরীতে সচেতন গ্রাহক ফোরাম ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চালু রাখা এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।