ঈদযাত্রার নিরাপত্তায় সোয়াট, ডগ স্কোয়াড ও অশ্বারোহী পুলিশ মোতায়েন

পবিত্র ঈদুল ফিতরের দিনে ঘরমুখী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে লঞ্চঘাট, বাস টার্মিনাল এবং রেলওয়ে স্টেশনে পর্যাপ্তসংখ্যক ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, ডিবি, সোয়াট, ডগ স্কোয়াড এবং অশ্বারোহী পুলিশ মোতায়েন করা হবে। এই তথ্য জানিয়েছেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।
বুধবার (১১ মার্চ) ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত ঈদ উদযাপনকে কেন্দ্র করে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভায় তিনি এসব কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, ঈদ উদযাপন উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে পুলিশ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি আরও উল্লেখ করেন, পুলিশের পদক্ষেপের পাশাপাশি ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়েও নিরাপত্তা সচেতনতাবোধ বজায় রাখা জরুরি।
তিনি বলেন, “ইদযাত্রাকে স্বস্তিদায়ক করতে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য নিরলসভাবে কাজ করছেন। সবার সম্মিলিত সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে ঈদযাত্রার নানা সমস্যার সমাধান সম্ভব।”
ডিএমপি কমিশনার প্রতিটি সরকারি সংস্থাকে আরও আন্তরিকভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান এবং বলেন, ঈদের নামাজকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করা এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে মোবাইল কোর্ট কার্যক্রম জোরদারভাবে চালানো হবে।
মো. সরওয়ার আরও জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের তৎপরতার ফলে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। পুলিশের সক্রিয় অভিযানের কারণে ছিনতাই, চাঁদাবাজি এবং অন্যান্য অপরাধ অনেকাংশে কমেছে।