বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাসের মান অস্বাস্থ্যকর

বাতাসে ক্ষতিকর দূষণকণার উপস্থিতি বেড়ে যাওয়ায় বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা। রোববার সকালে রাজধানীর বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে ছিল।
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৭১। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে ছিল রাজধানী।
একই সময়ে ২১০ স্কোর নিয়ে তালিকার শীর্ষে ছিল মালয়েশিয়ার কুচিং শহর। দ্বিতীয় অবস্থানে ভারতের মুম্বাই, স্কোর ১৯১। পাকিস্তানের লাহোর ১৮০ স্কোর নিয়ে তৃতীয় এবং ভারতের কলকাতা ১৭৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ছিল।
তালিকার শীর্ষ দশে থাকা শহরগুলোর বায়ুমান সূচক ছিল ১৪৪ থেকে ২১০-এর মধ্যে।
বায়ুমান সূচক অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।
বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে থাকলে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্তদের বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এ সময়ে তাঁদের বাইরের কার্যক্রম সীমিত রাখা এবং সম্ভব হলে ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়।