ইয়াবা মামলায় আটক বিএনপি নেতার ছেলেকে ঘিরে উত্তেজনা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক সেবনের অভিযোগে বিশনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মাসুদের ছেলে মোবারক করিম স্বাধীনকে ভ্রাম্যমাণ আদালত তিন দিনের কারাদণ্ড দিয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও তুলকালাম পরিস্থিতি সৃষ্টি হয়। পুলিশি হেফাজত থেকে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা এবং এক স্থানীয় বিএনপি নেতাকে মারধরের অভিযোগও উঠেছে।
বুধবার (৭ মে) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুর রহমান এ রায় দেন।
তিনি জানান, ঘটনাস্থল থেকে তিন পিস ইয়াবাসহ মোবারক করিম স্বাধীনকে আটক করা হয়। পরে মাদক সেবনের দায়ে তাকে ১০০ টাকা জরিমানা ও তিন দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে গোপালদী পৌরসভার উলুকান্দি কবরস্থান মোড় এলাকা থেকে স্বাধীনকে আটক করেন স্থানীয়রা। পরে তাকে গোপালদী তদন্ত কেন্দ্রে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিশনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মাসুদের সমর্থকেরা তদন্ত কেন্দ্রের সামনে জড়ো হন। একপর্যায়ে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরবর্তীতে ইউএনও ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং দণ্ডাদেশ দেন।
এদিকে ঘটনার জেরে বিশনন্দী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি দাবি করেন, ছবি তুলতে গেলে তাকে মারধর করা হয় এবং পরে বাসায় গিয়েও তার ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোখলেসুর রহমান জানান, আসামিকে পুলিশের কাছে হস্তান্তরের পর কিছু লোক তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং তাকে থানায় পাঠানো হয়।
তবে বিএনপি নেতা গাজী মাসুদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনাটি সাজানো এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।