হজের খরচ কমাতে বিমান টিকিটে শুল্ক প্রত্যাহার

আগামী বছরের (২০২৬) হজযাত্রীদের জন্য বিমান টিকিটের ওপর আরোপিত আবগারি শুল্ক (Excise Duty) সম্পূর্ণ প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই সিদ্ধান্তের ফলে হজ প্যাকেজের খরচ উল্লেখযোগ্যভাবে কমবে বলে মনে করছে রাজস্ব বিভাগ এবং ধর্ম মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর, ২০২৫) এ সংক্রান্ত একটি আদেশ জারি করে এনবিআর।
এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন, হজ একটি ধর্মীয় ইবাদত এবং এর খরচ কমানোর জন্য সরকারের উচ্চপর্যায় থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছিল। শুল্ক প্রত্যাহারের ফলে প্রত্যেক হজযাত্রীর বিমান টিকিটের দাম থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ কমে যাবে, যা তাদের আর্থিক সাশ্রয়ে সহায়তা করবে।
অবিলম্বে এই সুবিধা কার্যকর হবে ও আগামী বছরের ৩০ জুন পর্যন্ত এই সুবিধা থাকবে বলে জানিয়েছে এনবিআর। হজযাত্রীদের বিমান টিকিটের ওপর শুল্ক প্রত্যাহার এবারই প্রথম করা হয়নি। এর আগেও এনবিআর একাধিকবার এই শুল্ক মওকুফ করেছে।
সাধারণত বিমানের টিকিট বিক্রির সময়ই যাত্রীদের ভ্রমণ কর বা আবগারি শুল্ক সংগ্রহ করে তা সরকারি কোষাগারে জমা দিয়ে দেওয়া হয়।
বর্তমানে সৌদি আরবগামী বিমান টিকিটের ওপর পাঁচ হাজার টাকা আবগারি শুল্ক দিতে হয়। হজযাত্রীদের জন্য এটি মওকুফ করা হলো। ২০২৬ সালে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।