বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

খাগড়াছড়িতে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

খাগড়াছড়িতে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের নিশ্চয়তা প্রদানের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টায় খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্বরে এই কর্মসূচির আয়োজন করে খাগড়াছড়ি প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন। জেলা সদরসহ নয় উপজেলার পেশাজীবী সাংবাদিকরা এতে অংশ নেন।

“সাংবাদিকদের নিরাপত্তা চাই—স্বাধীনভাবে দায়িত্ব পালনের নিশ্চয়তা চাই” এই স্লোগান কে সামনে রেখে অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে খাগড়াছড়িতে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা বিভিন্ন মহল থেকে নানা ধরনের হুমকি, ভয়ভীতি এবং হয়রানির সম্মুখীন হচ্ছি। এ ধরনের চাপ সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনকে বাধাগ্রস্ত করছে।

বক্তারা জোর দিয়ে বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ দুর্বল হয়ে পড়ে। তাঁরা অবিলম্বে খাগড়াছড়িতে কর্মরত সকল সাংবাদিকের জন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কাছে দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেন।

সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি তরুণ ভট্টাচার্য, সহ-সভাপতি মো. জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুর রউফ, আহত সাংবাদিক জ্যাক ত্রিপুরাসহ আরও অনেকে।

মানববন্ধন শেষে সাংবাদিকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করেন। 

এ সময় জেলা প্রশাসক (ডিসি) এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার উপস্থিত হয়ে সাংবাদিকদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন