বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

সেনার অভিযানে পানছড়ির জঙ্গলে ইউপিডিএফের অস্ত্র মিলেছে

সেনার অভিযানে পানছড়ির জঙ্গলে ইউপিডিএফের অস্ত্র মিলেছে
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকার গভীর জঙ্গলে অভিযান চালিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি গোপন আস্তানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী। অভিযানে ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদসহ বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) ভোর আনুমানিক ৫টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি অভিযানিক দল এই তল্লাশি পরিচালনা করে। অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে ইউপিডিএফের শীর্ষ স্থানীয় গ্রুপ কমান্ডার সুমেন চাকমা দ্রুত পালিয়ে যায়।

তল্লাশির পর গোপন আস্তানাটি থেকে ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের ব্যবহৃত ০১টি পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০২ রাউন্ড অ্যামোনিশন, ১৫টি ব্যানার, ০২টি ওয়াকিটকি চার্জার, ০২টি মোবাইল ফোন, ধারালো অস্ত্র এবং অন্যান্য বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযান চলাকালে ইউপিডিএফ স্থানীয় নারী-পুরুষ, ছাত্র ও ছাত্রীদের সেনা বিরোধী স্লোগান দিতে বাধ্য করে সেনাবাহিনীর কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করে। আজকের ঘটনা সহ বিগত কয়েকদিনের ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণ করে এটি স্পষ্ট যে, ইউপিডিএফ এবং তার অঙ্গসংগঠনগুলো পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে সুপরিকল্পিতভাবে এলাকার নারী ও স্কুলগামী কোমলমতি শিশুদের নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে বাধ্য করছে।

সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পালিয়ে যাওয়া ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের সন্ধানে সেনা অভিযান অব্যাহত রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং এ অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।


দৈএনকে/জে .আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন