অবৈধ বালুর লড়াইয়ে রামগঞ্জে সংঘর্ষ ও গণধোলাই

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার রাতে রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের গৌরিপুর আমতলী বিল এলাকার তেমুহুনীতে এ ঘটনা ঘটে।
গুলিবর্ষণের খবর পেয়ে এলাকাবাসী একত্র হয়ে লক্ষ্মীপুর সদর এলাকার বশিকপুর গ্রামের ছোট নিশানসহ কয়েকজন ঘেরাও করে গণধোলাই দিলে দুইটি মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে বালু উত্তোলন নিয়ে দুই পক্ষের বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় এক পক্ষ বালু তুলতে গেলে অপর পক্ষ বাধা দেয়। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে দুর্বৃত্তরা অবৈধ অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করলে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে গুলিবর্ষণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এলাকাবাসীর অভিযোগ, ড্রেজারে বালু উত্তোলনকে কেন্দ্র করে গৌরিপুর এলাকায় দীর্ঘদিন থেকে দুই পক্ষের মাঝে কিছু দূষ্কৃতকারীরা অবৈধ অস্ত্রের মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করে আসছে।
তারা ঘটনার সাথে জড়িত এবং অস্ত্রধারীদের দ্রুত গ্রেফতার দাবী করেন। মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাজউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
দৈএনকে/জে .আ