মা ইলিশ রক্ষায় পদ্মা-মেঘনায় ৪ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ

বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের সুষ্ঠু প্রজনন নিশ্চিত করতে চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ বিভিন্ন নদীতে ২২ দিনের জন্য ইলিশ মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এবং পরিবহন, মজুদ, ক্রয় ও বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা চলবে।
এ সময় মা ইলিশ ডিম ছাড়ে এবং দেশের নদ-নদী ও সাগরে ইলিশের প্রজনন ঘটে সবচেয়ে বেশি। তাই এ সময়টাকে বলা হয় ইলিশের প্রধান প্রজনন মৌসুম। একইসঙ্গে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করা হবে। এ সময়ে ইলিশ ধরার নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ।
তিনি জানান, এ সংক্রান্ত জেলা টাস্কফোর্সের মিটিং ২৮ অক্টোবর, ২০২৫ বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
চাঁদপুর মৎস্য বনিক সমিতির সাধারণ সম্পাদক শবেবরাত সরকার জানান, এই বছর ইলিশে আমরা ব্যবসায়ী আড়তদাররা ধরা। মোকামে তিন দিন ধরে ইলিশ মাছের আধিক্য দেখা গেলেও বিগত বছরের চেয়ে নগণ্য। সামনের কয়েকটা দিন ঘাটে ইলিশের আমদানি বাড়বে। সেই আশায় আছেন শ্রমিকসহ ব্যবসায়ীরা।
এদিকে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র বড়স্টেশন মাছঘাটে সরজমিনে দেখা যায়, অন্যান্য দিনের চেয়ে সড়কযোগে ইলিশের আমদানি কিছুটা বেড়েছে। কিন্তু ছোট ছোট ইলিশের দাম কিছুটা কম হলেও বড়ো ইলিশের দাম অপরিবর্তিত।
ব্যবসায়ী ও জেলেরা জানান, প্রজনন মৌসুমের কারণে নদীতে ইলিশ মাছ আসতে শুরু করেছে। বর্তমানে ছোট সাইজের মাছ আসছে বেশি। সমুদ্র থেকে মাছ উঠতে শুরু করেছে। দু-তিন দিনের মধ্যে আরো মাছ আসবে। তবে বড়ো সাইজের মাছ একটু পরে আসা শুরু করবে।
ইলিশ মাছের প্রজনন মৌসুমের কারণে নদীতে মাছ আসবে এ আশায় আছেন চাঁদপুর ও শরীয়তপুরের জেলেরা। নিষেধাজ্ঞা শুরুর আগে মাছ শিকারে ব্যস্ত সময় পার করছেন তারা।