মানুষ কতটা নিচু হতে পারে? : সারজিসের প্রশ্ন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় দেশটির পুলিশ যুবলীগ নেতা মিজানকে আটক করেছে। তবে ঘটনার কিছু ঘণ্টার মধ্যে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।
সূত্র জানায়, এই ঘটনা নিউইয়র্কের একটি জনসমক্ষে ঘটেছে, যেখানে আখতার হোসেন উপস্থিত ছিলেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মিজানকে আটক করে। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।
উল্লেখযোগ্য, এই ঘটনায় স্থানীয় কমিউনিটি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং কমিউনিটি লিডাররা উভয় পক্ষকে শান্তিপূর্ণ থাকার আহ্বান জানিয়েছেন।
মিজানের মুক্তির পর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা জ্যাকসন হাইটস ও ব্রংকসে আনন্দ মিছিল করেছেন। এসময় তার সঙ্গে ফোনে কথা বলে ধন্যবাদ জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঘটনার পর এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ক্ষোভ প্রকাশ করেছেন।
শুক্রবার সকাল ১০টা ৩১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘আমেরিকাতে বিবেকবোধ বেঁচে দেয়া যেই কুলাঙ্গারটা আখতার হোসেনকে ডিম ছুড়েছে, তার সাথে পরবর্তীতে শেখ হাসিনা ফোন দিয়ে কথা বলেছে, ধন্যবাদ জানিয়েছে! একটা মানুষ কতটা ছোটলোক হলে এই কাজ করতে পারে? এই রকম নিচু মানসিকতার একটা নমরুদ ১৬ বছর ধরে একটা দেশের প্রধানমন্ত্রী থাকলে ওই দেশের প্রত্যেকটা সিস্টেমে পচন ধরা ছাড়া আর কী হতে পারে? যাদের নেত্রীর এই অবস্থা, তাদের কাছে আরও বেশি ছোটলোকি দেখতে পাবেন এটাই স্বাভাবিক।’
সারজিস আলম আরও মন্তব্য করেন, ‘আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে, আমাদের দেশকে এমন একজন হিংসুক, প্রতিহিংসাপরায়ণ, ছোটলোক থেকে মুক্তি দিয়েছেন।’