বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

পটিয়ায় ছাত্রলীগ ক্যাডারের নেতৃত্বে ব্যবসায়ীকে অপহরণ

পটিয়ায় ছাত্রলীগ ক্যাডারের নেতৃত্বে ব্যবসায়ীকে অপহরণ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চট্টগ্রামের পটিয়ায় মুন্সেফ বাজার এলাকা থেকে ছাত্রলীগ ক্যাডারের নেতৃত্বে মোহাম্মদ আরজু (২৫) নামে এক মুরগি ব্যবসায়ীকে অস্ত্রের মুখে অপহরণের ঘটনা ঘটেছে। পরে তাকে ধলঘাট ইউনিয়নের চন্দ্রকলা ব্রিজ এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে মুন্সেফ বাজারের উত্তর পাশে এ ঘটনা ঘটে। 

তিনি মুন্সেফ বাজার এলাকার নুরু মিস্ত্রির পুত্র। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ সকাল ৯টায় ঘটনাস্থলে যায়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, অপহরণের শিকার মোহাম্মদ আরজু ইউনিয়ন ব্যাংকে চাকরি করতেন। সম্প্রতি চাকরিচ্যুত হলে তিনি মুন্সেফ বাজারের উত্তর পাশে সুচক্রদণ্ডী রাস্তার মাথায় একটি মুরগির দোকান দেন। প্রতিদিনের মতো বুধবার সকাল সাড়ে ৬টার দিকে দোকান খোলেন। সকাল ৮টার দিকে ৫-৬ জন মুখোশধারী যুবক অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ী আরজুকে অপহরণ করে নিয়ে যায়। 

এসময় তাকে চোখ মুখ বেঁধে ব্যাপক মারধর করা হয়। পরে পুলিশ গিয়ে ধলঘাট ইউনিয়নের চন্দ্রকলা ব্রিজ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। তবে কোন অপহরণকারীকে ধরা সম্ভব হয়নি। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে গেছে।

ভুক্তভোগী আরজু অভিযোগ করেন, অপহরণকারীদের নেতৃত্ব দেন দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ডেঙ্গাপাড়া এলাকার বাসিন্দা ছাত্রলীগ ক্যাডার ফাহিম। তিনি যুবলীগ ক্যাডার প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া ওরফে লিটন বড়ুয়ার ঘনিষ্ঠ অনুসারী বলে এলাকাবাসীর দাবি।

অপহৃত আরজু জানান, অপহরকারী ফাহিম নামের একজনককে চিনে ফেলায় তাকে গুলি করে মেরে ফেলার প্রস্তুতি নিচ্ছিল।

মুন্সেফ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম খোকন জানান, ব্যাংক থেকে চাকরিচ্যুত হওয়ার পর মুন্সেফ বাজার এলাকায় একটি মুরগির দোকান দেন আরজু। সকালে মুখোশধারী কিছু যুবক অস্ত্র ঠেকিয়ে তাকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, ব্যবসায়ীকে অপহরণ করার খবর পেয়ে ঘটনাস্থলেই পুলিশ পাঠানো হয়েছে। পরে তাকে ধলঘাট থেকে উদ্ধার করা হয়েছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন