নবীনগরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও আর্থিক অনুদান প্রদান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজে “মরহুম আব্দুল মন্নাফ স্মৃতি ফাউন্ডেশন” এর উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত ১৫ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে সনদ ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকালে কলেজের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ মো. মোস্তাক আহাম্মদ এর সভাপতিত্বে এবং শিক্ষক ও সাংবাদিক মো. কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও ফাউন্ডেশনের উপদেষ্টা মো. সুমন মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির অভিভাবক সদস্য ও শ্যামগ্রাম ইউনিয়ন যুবদল সভাপতি শফিকুল ইসলাম এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান মানছুরা আক্তার।
এছাড়া বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. অবিদ মিয়া, সিনিয়র শিক্ষক মো. আরমান আলী, সৈয়দা সুলতানা নূরুন্নাহার, জাহিদুল ইসলাম জিহাদ, নাসরিন আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, লেখাপড়ার মূল উদ্দেশ্য প্রকৃত মানুষ হয়ে ওঠা। মেধাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখতে হবে। একদিন বর্তমান প্রজন্মই রাষ্ট্রযন্ত্রের মূল চালিকাশক্তি হয়ে উঠবে। তাই মা-বাবার আদর্শ ও শিক্ষকদের অবদান স্মরণ রেখে এগিয়ে যেতে হবে। শিক্ষার মানোন্নয়নে মরহুম আব্দুল মন্নাফ স্মৃতি ফাউন্ডেশনের বৃত্তি কার্যক্রম চলমান থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে ১৫ জন কৃতি শিক্ষার্থীর হাতে সনদ ও আর্থিক অনুদান তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।