বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বায়ুমান ৩৩৬

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় আজ মঙ্গলবার শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সকাল ৮টায় শহরটির বায়ুমান সূচক (একিউআই) ছিল ৩৩৬, যা ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ের। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। শহরটির স্কোর ২৬৬।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের ওয়েবসাইটে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় প্রকাশিত তথ্যে এ চিত্র দেখা গেছে।
তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান সূচক ২১৯। ১৯৬ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। পঞ্চম অবস্থানে থাকা পাকিস্তানের করাচির স্কোর ১৮২।
আইকিউএয়ারের সূচক অনুযায়ী, কোনো শহরের বায়ুমান স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। আর স্কোর ৩০১ ছাড়ালে বায়ুর মান ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
আইকিউএয়ার তাৎক্ষণিকভাবে বিভিন্ন শহরের বায়ুর মান পর্যবেক্ষণ করে সূচক প্রকাশ করে। এ সূচকের মাধ্যমে কোনো এলাকার বাতাস কতটা দূষিত, সে সম্পর্কে ধারণা পাওয়া যায়।