যাত্রাবাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ ৬৫ বছরের নারী গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ মাসুমা খাতুন (৬৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে যাত্রাবাড়ীর ধোলাইপাড় গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্মকর্তারা জানতে পারেন, যশোর থেকে ঢাকাগামী ‘নড়াইল এক্সপ্রেস’ বাসে করে এক নারী হেরোইনের চালান নিয়ে ঢাকায় আসছেন। এর ভিত্তিতে সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে একটি দল ধোলাইপাড় গোল চত্বর এলাকায় অবস্থান নেয়।
মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে ধোলাইপাড় গোল চত্বরের সামনে বাসটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের মাঝের আসনে থাকা সন্দেহভাজন নারীকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার পরিচয় মাসুমা খাতুন হিসেবে নিশ্চিত হয়।
ডিএনসির নারী সদস্যদের সহায়তায় তল্লাশি চালানোর সময় তার পরিহিত পোশাকের ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো একটি পলিব্যাগ উদ্ধার করা হয়। পলিব্যাগে থাকা ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুমা দাবি করেছেন, তার মেয়ে তাহমিনার চাপ ও নির্দেশে যশোর থেকে হেরোইন নিয়ে ঢাকায় আসছিলেন। এর আগেও একইভাবে আরও দুইবার হেরোইন বহন করেছেন বলে তিনি জানিয়েছেন। তার দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে ডিএনসি।
সংস্থাটির প্রাথমিক অনুসন্ধানে তাহমিনার যাত্রাবাড়ী এলাকায় মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে। তাহমিনার অবস্থান শনাক্ত করে তাকে আইনের আওতায় আনতে ডিএনসির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।