শরিয়া বিশেষজ্ঞদের মতামত ছাড়া সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী গ্রহণযোগ্য নয়

ইসলামি শরিয়া বিশেষজ্ঞদের মতামত ছাড়া সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে খেলাফত মজলিস।
দলটির দাবি, ‘ইসলামি শরিয়া বিশেষজ্ঞদের সঙ্গে অধিকতর পর্যালোচনা এবং প্রকাশ্য মতামত গ্রহণ না করে জাতীয় সংসদে সরকারি দল কর্তৃক পাশ হওয়া সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল ২০২৬ গ্রহণযোগ্য হবে না।’
সোমবার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে মজলিস আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এসব কথা বলেন।
তারা বলেন, ‘সম্পত্তি হস্তান্তর আইন-১৮৮২ এর সঙ্গে ১২২এ ও ১২২বি ধারা দু’টি সংযুক্ত করে জীবনকালীন ভোগাধিকার সংরক্ষণপূর্বক দান নামে পিতা-মাতা কর্তৃক সন্তানদেরকে সম্পত্তি হস্তান্তরের এই নতুন পদ্ধতিতে দাতা মৃত্যুর আগ পর্যন্ত সম্পত্তি ব্যবহার ও ভোগ করবেন। দাতার মৃত্যুর পূর্বে গ্রহিতা মারা গেলে সম্পত্তি তার ওয়ারিশদের কাছে যাবে।’
পাশ হওয়া বিলটির মাধ্যমে ইসলামি শরিয়াহসম্মত ন্যায়বিচার ও ফারায়েজের চেতনা লঙ্ঘিত হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন মজলিসের শীর্ষ দুই নেতা।
তাদের দাবি, ‘এই সিভিল আইনটি বাহ্যতদৃষ্টিতে সুন্দর মনে হলেও, এর মাধ্যমে একজন বা কয়েকজন উত্তরাধিকারীকে বিশেষ সুবিধা দেওয়া এবং অন্যদেরকে বঞ্চিত করার হাতিয়ারও হতে পার। যার ফলে শরিয়াহ সম্মত ন্যায়বিচার ও ফারায়েজের চেতনা লঙ্ঘিত হতে পারে। সংশোধিত এ আইনের কিছু দিক হানাফি ফিকহের প্রচলিত হেবার ধারণার সঙ্গেও গুরুতর বিতর্ক সৃষ্টি করে।’
সংশোধিত আইনটি শরিয়তের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না—সরকার কর্তৃক তা ইসলামি আইন বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা এবং প্রকাশ্যে তাদের মতামত গ্রহণ করা উচিত বলেও মন্তব্য করেন খেলাফত মজলিসের নেতারা।
তারা বলেন, ‘ইসলামি আইনের নিজস্ব কাঠামোকে কাজে লাগিয়ে সংশোধিত সিভিল আইনটির বিপরীতে আরও শরিয়তসম্মত সমাধান বের করা সম্ভব। সরকারকে মনে রাখতে হবে, শরিয়া অনুমোদন করে না এমন আইন বাংলাদেশে আর গ্রহণযোগ্য হবে না।’