তালাবদ্ধ ঘর থেকে মিলল নবজাতকসহ ৩ জনের লাশ

ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে অজ্ঞাতপরিচয় এক নারী, এক পুরুষ ও এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মধ্য জামগড়া এলাকার একটি চারতলা ভবনের দ্বিতীয় তলার কক্ষ থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
নিহত পুরুষের গলায় গামছা প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে পুলিশ একে হত্যাকাণ্ড বলে ধারণা করছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জামগড়া এলাকার ওই ভবনটির একটি কক্ষ কয়েক দিন আগে স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া নেন এক নারী ও পুরুষ। কক্ষটির দরজা-জানালা সচরাচর বন্ধই থাকত। শুক্রবার রাতে কক্ষটি থেকে তীব্র দুর্গন্ধ বের হলে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা পুলিশে খবর দিলে আশুলিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষটির দরজা ভেঙে ভেতরে তিনজনের লাশ দেখতে পায়।
উদ্ধার হওয়া নারী, পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ নবজাতকের পরিচয় এখনো জানা যায়নি। ঘটনার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দল ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পরিদর্শন করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশও (ডিবি)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সেই সঙ্গে ঘটনাটি হত্যাকাণ্ড কি না এবং এর পেছনে কারা জড়িত, তা উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশগুলো হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’