দুশ্চিন্তা ও অস্থিরতায় হৃদয়ের প্রশান্তির জন্য ৩ দোয়া

জীবনের নানা সংকট, ব্যর্থতা, দুশ্চিন্তা কিংবা অনিশ্চয়তায় মানুষের মনে অস্থিরতা তৈরি হতে পারে। কখনো কখনো অতিরিক্ত পেরেশানি মনকে বিষণ্ণ ও ভারাক্রান্ত করে তোলে। ইসলামের শিক্ষা অনুযায়ী, এমন সময়ে আল্লাহর ওপর ভরসা করা, তাঁর জিকির করা এবং দোয়ার মাধ্যমে তাঁর কাছে সাহায্য চাওয়া মুমিনের জন্য প্রশান্তির অন্যতম পথ।
রাসুলুল্লাহ (সা.) বিভিন্ন সময় দুশ্চিন্তা, অন্তরের অস্থিরতা ও আল্লাহর আনুগত্যে অবিচল থাকার জন্য দোয়া করেছেন। এসব দোয়ার মাধ্যমে একজন মানুষ আল্লাহর কাছে নিজের দুর্বলতা তুলে ধরে তাঁর রহমত ও সাহায্য কামনা করতে পারেন। অন্তরের প্রশান্তির জন্য এমন তিনটি দোয়া হলো—
১. শান্তি ও নিরাপত্তার জন্য দোয়া
অন্তরের অস্থিরতা দূর করে আল্লাহর পক্ষ থেকে শান্তি ও নিরাপত্তা লাভের জন্য রাসুলুল্লাহ (সা.) এই দোয়াটি পড়তেন—
اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ تَبَارَكْتَ يَا ذَا الْجَلالِ وَالإِكْرَامِ
উচ্চারণ: আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
অর্থ: হে আল্লাহ! আপনিই শান্তিময় এবং আপনার কাছ থেকেই শান্তি আসে। হে মহিমা ও সম্মানের অধিকারী, আপনি বরকতময়।
(সহিহ মুসলিম: ১২৯৮)
২. আল্লাহর আনুগত্যে অন্তর স্থির রাখার দোয়া
মানুষের মন পরিবর্তনশীল। তাই ঈমান ও আল্লাহর আনুগত্যের ওপর অন্তরকে দৃঢ় রাখার জন্য রাসুলুল্লাহ (সা.) এই দোয়াটি করেছেন—
اللَّهُمَّ مُصَرِّفَ الْقُلُوبِ صَرِّفْ قُلُوبَنَا عَلَى طَاعَتِكَ
উচ্চারণ: আল্লাহুম্মা মুসাররিফাল কুলুবি, সররিফ কুলুবানা আলা তা-আতিকা।
অর্থ: হে অন্তরসমূহের পরিবর্তনকারী আল্লাহ! আমাদের অন্তরকে আপনার আনুগত্যের ওপর স্থির রাখুন।
(সহিহ মুসলিম: ৬৫০৯)
৩. দুশ্চিন্তা ও বিষাদ দূর করার দোয়া
মানসিক পেরেশানি, বিষাদ ও দুশ্চিন্তার সময়ে আল্লাহর কাছে কোরআনকে অন্তরের প্রশান্তির উৎস হিসেবে পাওয়ার জন্য এই দোয়াটি করা যায়—
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ أَنْ تَجْعَلَ القُرْآنَ رَبِيعَ قَلْبِي، وَنُورَ صَدْرِي، وَجَلَاءَ حُزْنِي، وَذَهَابَ هَمِّي
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আন তাজআলাল কুরআনা রাবিআ কালবি, ওয়া নূরা সদরি, ওয়া জালাআ হুজনি, ওয়া জাহাবা হাম্মি।
অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করছি, পবিত্র কোরআনকে আমার হৃদয়ের প্রশান্তি, আমার অন্তরের আলো, আমার বিষাদ দূর করার মাধ্যম এবং আমার দুশ্চিন্তা ও পেরেশানি দূর করার কারণ হিসেবে কবুল করুন।
(মুসনাদ আহমদ: ৩৭১২)
দুশ্চিন্তা ও অস্থিরতার সময়ে দোয়ার পাশাপাশি নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও আল্লাহর ওপর তাওয়াক্কুল অন্তরকে স্থির রাখতে সহায়ক হতে পারে। মহান আল্লাহ আমাদের সবাইকে দুশ্চিন্তা ও পেরেশানি থেকে মুক্তি দিয়ে অন্তরে প্রশান্তি দান করুন। আমিন।