সব শ্রেণিকক্ষে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন ও কার্যকর তদারকি নিশ্চিত করতে প্রতিটি শ্রেণিকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষা কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের ব্যবস্থা গড়ে তুলতে হবে।
সোমবার (৬ জুলাই) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এ ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করা হলে সেখান থেকে দেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষের পাঠদান পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এতে শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি জবাবদিহিতাও বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো স্বাস্থ্যসম্মত টয়লেটের অভাব রয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশের কারণে শিক্ষক-শিক্ষার্থীরা টয়লেট ব্যবহার করতে অনীহা প্রকাশ করেন। তাই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি ছাড়া শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে ড. এহছানুল হক মিলন বলেন, শিক্ষা কাঠামো এমনভাবে সাজাতে হবে যাতে মেধাবী ও যোগ্য ব্যক্তিরা শিক্ষকতা পেশায় আসতে উৎসাহিত হন।
অনুষ্ঠানে নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়া এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।