আদ্-দ্বীনের শোকজ জবাবে সন্তুষ্ট নন স্বাস্থ্যমন্ত্রী

আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া শোকজের জবাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তার মতে, হাসপাতালের ব্যাখ্যায় প্রয়োজনীয় তথ্যের তুলনায় অপ্রাসঙ্গিক বিষয় বেশি স্থান পেয়েছে।
বুধবার (১০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, আদ্-দ্বীন হাসপাতালের পাঠানো জবাব তিনি পর্যালোচনা করেছেন। তবে সেখানে মূল প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর না দিয়ে অতিরিক্ত ব্যাখ্যা ও অপ্রাসঙ্গিক বিষয় তুলে ধরা হয়েছে।
তিনি জানান, হাসপাতাল কর্তৃপক্ষ চার থেকে পাঁচ পৃষ্ঠার একটি জবাব জমা দিয়েছে, কিন্তু সেটি যথেষ্ট স্পষ্ট নয়। অনেক বিষয় অস্পষ্ট রয়ে গেছে, ফলে ওই ব্যাখ্যায় তিনি সন্তুষ্ট নন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সরকার তার অবস্থান ও প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানাবে।