অনার্স শিক্ষার্থীদের বৃত্তি আবেদন শুরু, শেষ ১৪ জুন

স্নাতক ও সমমান পর্যায়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। রোববার (১৭ মে) সকাল ৯টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়ে আগামী ১৪ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩–২৪ শিক্ষাবর্ষে ডিগ্রি ও ফাজিল প্রথম বর্ষে ভর্তি হওয়া আর্থিকভাবে অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীরা এই উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী হতে হবে।
নির্দেশনা অনুযায়ী, নির্বাচিত শিক্ষার্থীরা উপবৃত্তির পাশাপাশি টিউশন ফি ও অন্যান্য আর্থিক সুবিধা পাবেন। এজন্য নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ‘ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম’-এর মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।
এছাড়া আবেদন যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের উপস্থিতি ও বাছাই কমিটির সিদ্ধান্ত সফটওয়্যারে আপলোড করে ১৫ জুন সকাল ৯টা থেকে ২১ জুন রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন ফরওয়ার্ড করতে হবে।
আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট (https://pmeat.gov.bd) এবং ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের নোটিশ বোর্ডে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো প্রক্রিয়াটি অনলাইনভিত্তিক হওয়ায় কোনো হার্ড কপি জমা দিতে হবে না। উপবৃত্তি বিষয়ে সহায়তার জন্য হেল্পলাইন নম্বর ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ ও ০১৭৭৮৯৬৪১৫৬-এ অফিস সময়ের মধ্যে যোগাযোগ করা যাবে।