বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
Natun Kagoj

ফোঁস ফোঁস করা দাপুটে মহিষ নাম রাখা হলো ‘নেতানিয়াহু’

ফোঁস ফোঁস করা দাপুটে মহিষ নাম রাখা হলো ‘নেতানিয়াহু’
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দাসেরগাঁও এলাকার এস এস ক্যাটেল ফার্মে অ্যালবিনো জাতের একটি মহিষকে ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল। ‘নেতানিয়াহু’ নামে পরিচিত এই মহিষটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন শত শত দর্শনার্থী।

খামার কর্তৃপক্ষ জানান, কোরবানির ঈদকে সামনে রেখে খামারের এই বিশেষ মহিষটি দেখতে মানুষের আগ্রহ ক্রমেই বাড়ছে। শুধু স্থানীয় নয়, বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসছেন প্রাণীটিকে এক নজর দেখার জন্য।

খামার সূত্রে জানা যায়, প্রায় ৭৫০ কেজির বেশি ওজনের এই অ্যালবিনো মহিষটি স্বভাবগতভাবে কিছুটা আক্রমণাত্মক। খামারিরা জানান, খাবার বা যত্ন নিতে গেলেও এটি কখনো কখনো ফোঁস ফোঁস করে তেড়ে আসে এবং শিং নাড়িয়ে আক্রমণাত্মক আচরণ করে। ফলে এর দেখাশোনায় সতর্কতা অবলম্বন করতে হয়।

দর্শনার্থীদের কেউ কেউ মহিষটির আচরণকে ব্যতিক্রমী ও ‘দাপুটে’ বলে মন্তব্য করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, এর আচরণ ও চেহারাগত বৈশিষ্ট্যকে কেন্দ্র করেই এর নামকরণ করা হয়েছে ‘নেতানিয়াহু’। সম্প্রতি খামারে একই ধরনের আরেকটি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে পরিচিত হওয়ার পর এই নামটি আরও আলোচনায় আসে।

এস এস ক্যাটেল ফার্মের ব্যবস্থাপক মেহেদী হাসান বলেন, “এটি মূলত অ্যালবিনো জাতের একটি মহিষ। আমাদের খামারে এ ধরনের ছয়টি মহিষ রয়েছে। সবগুলোর আচরণই কিছুটা দুষ্টু প্রকৃতির। প্রতিটি মহিষের নামকরণ করা হয়েছে ‘নেতানিয়াহু-১’ থেকে ‘নেতানিয়াহু-৬’ পর্যন্ত।”

খামার কর্তৃপক্ষ আরও জানায়, মহিষগুলোর বিশেষ যত্ন নেওয়া হয়। নিয়মিত খাদ্য সরবরাহের পাশাপাশি পুষ্টিকর খাবার দেওয়া হয় এবং দিনে দুইবার গোসল করানো হয়। তবে আক্রমণাত্মক আচরণের কারণে দেখাশোনার সময় দূরত্ব বজায় রাখতে হয়।

এদিকে মহিষটি দেখতে আসা দর্শনার্থীদের ভিড়ে খামার এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। স্থানীয়দের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই এই মহিষটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন