মধ্যপ্রাচ্যের জনপ্রিয় সুইট ডিশ ‘আতায়েফ’

আরব্য সংস্কৃতিতে মিষ্টান্নের তালিকায় ‘আতায়েফ’ এক অনন্য নাম। এটি মূলত এক ধরনের প্যানকেক, যা ক্রিম বা বাদামের পুর দিয়ে ভর্তি থাকে এবং ভাজার পর চিনির সিরায় ডুবিয়ে পরিবেশন করা হয়। বাইরে থেকে মচমচে আর ভেতর থেকে রসে টইটম্বুর এই মিষ্টান্নটি এখন আপনি সহজেই তৈরি করতে পারেন নিজের রান্নাঘরে।
উপকরণ
১. ডো বা ব্যাটারের জন্য:
-
ময়দা: ২ কাপ।
-
সুজি: আধা কাপ।
-
চিনি: ২ টেবিল চামচ।
-
বেকিং পাউডার: ১ চা চামচ।
-
ইস্ট: ১ চা চামচ।
-
কুসুম গরম পানি: ৩ কাপ।
-
এক চিমটি লবণ।
২. পুরের জন্য:
-
মাওয়া বা ঘন ক্ষীর (ক্রিম হিসেবে ব্যবহারের জন্য)।
-
অথবা কুঁচি করা বাদাম (পেস্তা, কাঠবাদাম) ও কিশমিশ।
৩. চিনির সিরা :
-
চিনি: ২ কাপ।
-
পানি: ১ কাপ।
-
লেবুর রস: ১ চা চামচ (জমাট বাঁধা রোধ করতে)।
-
এলাচ বা গোলাপ জল (ঘ্রাণের জন্য)।
প্রস্তুত প্রণালি
ধাপ ১: একটি বড় পাত্রে ময়দা, সুজি, চিনি, ইস্ট, লবণ এবং বেকিং পাউডার মিশিয়ে নিন। এবার কুসুম গরম পানি দিয়ে ভালো করে বিট করুন যেন কোনো দলা না থাকে। মিশ্রণটি ঢেকে ৩০-৪০ মিনিট গরম স্থানে রাখুন যেন ইস্ট সক্রিয় হয়।
ধাপ ২: নন-স্টিক প্যানে সামান্য তেল ব্রাশ করে অল্প ব্যাটার গোল করে ছড়িয়ে দিন। পাটিসাপটার মতো এটি উল্টে দেওয়ার প্রয়োজন নেই। উপরের দিকে যখন অনেকগুলো ছোট ছোট ছিদ্র দেখা দেবে এবং নিচের দিকটা সোনালি হবে, তখন নামিয়ে ফেলুন। মনে রাখবেন, এটি কেবল এক পাশ ভাজতে হয়।
ধাপ ৩: প্যানকেকটি ভাজা হয়ে গেলে এর মাঝখানে ক্ষীর বা বাদামের মিশ্রণ দিন। এবার প্যানকেকটি অর্ধেক ভাঁজ করে দুই ধার আঙুল দিয়ে চেপে বন্ধ করে দিন (অর্ধচন্দ্রের মতো)। ভাজা অংশটি বাইরে থাকবে।
ধাপ ৪: একটি কড়াইতে ডুবো তেল গরম করে আতায়েফগুলো সোনালি ও মচমচে করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে সরাসরি কুসুম গরম চিনির সিরায় ১-২ মিনিট ডুবিয়ে রাখুন।
পরিবেশন: সিরা থেকে তুলে উপরে পেস্তা বাদাম কুঁচি ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন দারুণ স্বাদের আতায়েফ।