বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • দেশে দ্বৈত আবহাওয়া: তাপপ্রবাহের সঙ্গে কালবৈশাখীর শঙ্কা

    দেশে দ্বৈত আবহাওয়া: তাপপ্রবাহের সঙ্গে কালবৈশাখীর শঙ্কা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশজুড়ে বিরাজ করছে অস্বাভাবিক আবহাওয়ার পরিস্থিতি। একদিকে চলছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ, অন্যদিকে বিভিন্ন এলাকায় দেখা দিচ্ছে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি। এই দ্বৈত আবহাওয়ার প্রভাব আগামী ২৫ এপ্রিল পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

    সোমবার (১৩ এপ্রিল) সকালে সংস্থাটি জানায়, গত ১২ এপ্রিল থেকে শুরু হওয়া এই আবহাওয়াগত অস্থিরতা দেশের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্নভাবে প্রভাব ফেলছে।

    পূর্বাভাস অনুযায়ী, সবচেয়ে বেশি তাপপ্রবাহের প্রভাব পড়ছে খুলনা বিভাগে। পাশাপাশি রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু জেলায়ও তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এসব অঞ্চলে দিনের তাপমাত্রা ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠছে। তবে ১৪ থেকে ১৭ এপ্রিলের মধ্যে পরিস্থিতি আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে চুয়াডাঙ্গা, যশোর, মেহেরপুর ও রাজশাহীতে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।

    অন্যদিকে, চলতি বছরের চতুর্থ আংশিক বৃষ্টি বলয় দেশের প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ এলাকায় প্রভাব ফেলছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে, যেখানে ১৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ ও রংপুরে মাঝারি এবং ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে তুলনামূলক কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    তবে বৃষ্টির পাশাপাশি কালবৈশাখী ঝড়ের ঝুঁকিও রয়েছে। সন্ধ্যা বা শেষ বিকেলে দেশের বিভিন্ন স্থানে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়, শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে।

    বিডব্লিউওটি জানিয়েছে, দেশের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ এলাকায় তাপপ্রবাহ সক্রিয় থাকায় গরমের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। তবে বৃষ্টিবলয়ের কারণে কিছু এলাকায় সাময়িক স্বস্তি মিলতে পারে। একইসঙ্গে বজ্রপাত ও ঝড়ের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

    এই দ্বৈত আবহাওয়ার প্রভাব আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ