বিদেশ থেকে পোস্টাল ভোটে ফেরত এল পৌনে ৪ লাখ ব্যালট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে। প্রবাসে অবস্থানরত রেমিট্যান্সযোদ্ধা এবং দেশের ভেতরে ডাকযোগে ভোটারদের সক্রিয় অংশগ্রহণে ভোট প্রদান প্রক্রিয়ায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিজিটাল পদ্ধতিতে ভোটদান নিশ্চিত করতে পোস্টাল ভোট বিডি অ্যাপটি ব্যবহার করে প্রবাসী বাংলাদেশিরা সহজে ও নিরাপদভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এতে ভোটগ্রহণ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দেশের অভ্যন্তরে ডাকযোগে ভোট প্রদানকারী ভোটাররাও নির্ধারিত সময়ের মধ্যে তাদের ভোট ব্যালট পাঠাচ্ছেন। ফলে ভোটগ্রহণে অংশগ্রহণের হার বাড়ছে এবং গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী হচ্ছে।
নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছে, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ ভোটারদের আস্থা বাড়াবে এবং আসন্ন সংসদ নির্বাচনে ভোটদানের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রবাসী ও অভ্যন্তরীণ উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, প্রবাসীদের জন্য পাঠানো ব্যালটের একটি বড় অংশ এরইমধ্যে গন্তব্যে পৌঁছেছে। এখন পর্যন্ত মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট দেশগুলোতে পৌঁছেছে। ৫ লাখ ২৬ হাজার ৮ জন ভোটার তাদের ব্যালট হাতে পেয়েছেন। এখন পর্যন্ত ৪ লাখ ৮০ হাজার ৪১৬ জন প্রবাসী ভোটার ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করেছেন। ভোট দেওয়ার পর ৪ লাখ ৪৪ হাজার ৯৫২ জন ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিসে ব্যালট জমা দিয়েছেন। এছাড়া ৩ লাখ ৭৯ হাজার ৯২৪টি ব্যালট এরইমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে এবং রিটার্নিং কর্মকর্তারা ১ লাখ ৭ হাজার ১৬৮টি ব্যালট গ্রহণ করেছেন।
অন্যদিকে, দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটের (Internal Coded Postal Vote) মাধ্যমে ভোট দিচ্ছেন, তাদের কার্যক্রমও সমানতালে চলছে। অভ্যন্তরে মোট ৬ লাখ ৬২ হাজার ১৯১টি ব্যালট ভোটারদের নিকট প্রেরণ করেছে। ২ লাখ ৬০ হাজার ৪৪৭ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং এর মধ্যে ২ লাখ ১১ হাজার ১২২ জন তাদের ভোটদান সম্পন্ন করেছেন। এছাড়া ১ লাখ ৬৮ হাজার ৫১৯ জন ভোটার তাদের ব্যালট ডাকবাক্সে জমা দিয়েছেন। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত ২৭ হাজার ৩৬৭টি ব্যালট বুঝে পেয়েছেন।