প্রার্থীদের সঙ্গে তৃতীয় দিনের বৈঠকে তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি আরও জোরদার করছে বিএনপি। এ লক্ষ্যে দল ঘোষিত প্রাথমিক প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তৃতীয় দিনের মতো শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। সভায় অর্ধশতাধিক দলীয় প্রার্থী অংশ নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, নির্বাচনী কৌশল নির্ধারণ, মাঠপর্যায়ের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং প্রার্থীদের মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্দেশ্যেই এই ধারাবাহিক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, এর আগে গত ১৭ ও ১৮ ডিসেম্বর দুই দিনে ১৯০ জন প্রার্থীর সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। ওইসব সভায় প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় হলফনামায় নিজেদের বিরুদ্ধে থাকা মামলার তথ্য সঠিকভাবে উল্লেখ করা, মনোনয়ন ফরম পূরণে আইনজ্ঞদের পরামর্শ নেওয়া এবং নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।
সভায় প্রার্থীদের মধ্যে বিদ্যমান অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ভোটের মাঠে প্রচারের কৌশল, দলীয় ঐক্য বজায় রাখা এবং সাংগঠনিক শক্তি কাজে লাগিয়ে নির্বাচন মোকাবিলার দিকনির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এ ছাড়া নির্বাচনী প্রচারে বিএনপির ঘোষিত প্রতিশ্রুতি জনগণের কাছে তুলে ধরার নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড ও ফারমার্স কার্ড চালু, ইমাম ও মুয়াজ্জিনদের জীবনমান উন্নয়নে মাসিক সম্মানী ভাতা প্রদানসহ বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচি।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি প্রথম দফায় ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থীর নাম ঘোষণা করে। পরবর্তীতে দ্বিতীয় দফায় আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়। এখন পর্যন্ত মোট ২৭২টি আসনে বিএনপি প্রাথমিক প্রার্থী দিয়েছে।