সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Natun Kagoj

কাজিকির তাণ্ডবের আভাস: উপকূলীয় এলাকায় সর্বোচ্চ সতর্কতা

কাজিকির তাণ্ডবের আভাস: উপকূলীয় এলাকায় সর্বোচ্চ সতর্কতা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দক্ষিণ-পূর্ব এশিয়ার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঝড় ‘কাজিকি’। ভিয়েতনামে ইতোমধ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং প্রায় ৫ লাখ ৮৬ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হচ্ছে।

আবহাওয়া অফিস জানায়, ঝড়টি ক্রমেই শক্তিশালী হচ্ছে। ঝড়ের কেন্দ্রস্থলে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬৬ কিমি ছাড়িয়ে গেছে। সোমবার উপকূলে আঘাত হানার সময় আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কাও অনেক বেশি।

ভিয়েতনামের কেন্দ্রীয় প্রদেশ থান হোয়া, কোয়ান ত্রি, হিউ এবং ডা নাং এলাকায় বসবাসরত বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে বন্ধ করে দেওয়া হয়েছে ফ্লাইট চলাচল। সমুদ্রে সব ধরনের নৌকা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। 

এ ছাড়া মাছ ধরার নৌকা থেকে শুরু করে পর্যটকবাহী জাহাজ পর্যন্ত—সব ধরনের জলযান এখন বিপদের মুখে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় আবহাওয়া বিভাগ জানায়, ঝড়টি এর আগে চীনের হাইনান দ্বীপের ওপর দিয়ে বয়ে গেছে। সেখানে প্রবল বৃষ্টিপাত হয়েছে এবং আরও ৩২০ মিলিমিটার বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঝড়টি ধীরে ধীরে তাইওয়ানের দিকেও এগোচ্ছে। তবে তাইওয়ানে প্রবেশের পর এটি কিছুটা দুর্বল হয়ে পড়বে বলে ধারণা করা হলেও, বাতাসের গতিবেগ তখনো ঘণ্টায় ২০০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। সঙ্গে হতে পারে ৩০০ থেকে ৪০০ মিলিমিটার ভারী বৃষ্টিপাত। জলোচ্ছ্বাসের উচ্চতা হতে পারে ২ থেকে ৪ মিটার পর্যন্ত, যা অনেক স্থানে বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

দেশটির কৃষি মন্ত্রণালয় জানায়, ঝড়ের ফলে ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হতে পারে মাছের খামার ও সমুদ্রনির্ভর অর্থনীতি। এরই মধ্যে ভিয়েতনাম এয়ারলাইন্স রবি ও সোমবারের ২২টি ফ্লাইট স্থগিত করেছে। এ ছাড়া উদ্ভূত পরিস্থিতিতে জরুরি ব্যবস্থাপনায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।

এ বিষয়ে আবহাওয়াবিদ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, পরিস্থিতি যেকোনো সময় ভয়াবহ রূপ নিতে পারে। তাই উপকূলীয় অঞ্চলের মানুষজনকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে, যাতে প্রাণহানির সংখ্যা কমিয়ে আনা যায়। 
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ