ফেব্রুয়ারির নির্বাচনী ঘোষণা ও ‘জুলাই ঘোষণাপত্র’কে স্বাগত জানালো বিএনপি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের 'জুলাই ঘোষণাপত্র' ও ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, “আজ ৫ আগস্ট, এক বছর আগে এই দিনেই আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি। হাজারো ছাত্র-জনতার রক্তে অর্জিত এ বাংলাদেশকে এগিয়ে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি বলেন, “জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণে দেওয়া নির্বাচন ঘোষণাকে আমরা স্বাগত জানাই। রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির প্রতিশ্রুতি, শহীদদের জাতীয় বীরের মর্যাদা, এবং আহতদের সহযোগিতা—এসব সময়োপযোগী সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই।”
বিএনপি নেতা জানান, বিগত এক বছর ধরে রাষ্ট্রব্যবস্থা সংস্কারে বিএনপি গঠনমূলক ভূমিকা রেখেছে। ঐকমত্যের ভিত্তিতে জাতির সামনে নতুন পথ তৈরি হচ্ছে।
আগামী নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, “প্রধান উপদেষ্টার ঘোষণার মাধ্যমে যে অনিশ্চয়তা ছিল, তা কেটে গেছে। নির্বাচন কমিশন যথাসময়ে তফসিল ঘোষণা করবে, আর আমরা আশা করি একটি অবাধ, সুষ্ঠু ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত নির্বাচন হবে।”
আইনশৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, “এই ঘোষণা দেশকে রাজনৈতিক স্থিতিশীলতার দিকে নিয়ে যাবে। বিনিয়োগ ও ব্যবসায় আস্থা ফিরবে, রাষ্ট্রে গতি আসবে।”
এন কে/বিএইচ