শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

মেসির বিদায়ী ম্যাচসহ আর্জেন্টিনার তিন প্রীতি ম্যাচ ‘টপ-লেভেল’ স্বীকৃতি পেল

মেসির বিদায়ী ম্যাচসহ আর্জেন্টিনার তিন প্রীতি ম্যাচ ‘টপ-লেভেল’ স্বীকৃতি পেল
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

২০২৬ বিশ্বকাপের পর ফিফার প্রথম আন্তর্জাতিক উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এর মধ্যে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অনুরোধে ম্যাচ তিনটিকে ‘টপ লেভেল’ বা ‘ক্লাস এ’ মর্যাদা দিয়েছে ফিফা।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর মাঠে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ও এক কোচকে নিষেধাজ্ঞা দেয় ফিফা। সেই নিষেধাজ্ঞা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ ম্যাচে কার্যকর করে শাস্তির মেয়াদ কমানোর সুযোগ পেতে চেয়েছিল এএফএ। এ কারণেই আসন্ন তিনটি প্রীতি ম্যাচকে ‘টপ-লেভেল’ হিসেবে স্বীকৃতি দেওয়ার অনুরোধ জানানো হয়।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বর্তমানে দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনা আগামী ৩০ সেপ্টেম্বর কর্দোবায় ৭৭তম র‌্যাঙ্কিংধারী বলিভিয়ার মুখোমুখি হবে। এরপর ৩ অক্টোবর বুরকিনা ফাসো (৬২তম) এবং ৬ অক্টোবর বেনিনের (৯৩তম) বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। মেসির বিদায়ী ম্যাচ হিসেবে বেনিনের বিপক্ষে ম্যাচটি বিশেষভাবে আয়োজন করা হচ্ছে। এরই মধ্যে সেই ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে বিশ্বকাপজয়ী অধিনায়ককে।

ফিফার নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় বা কোচের নিষেধাজ্ঞা শুধু অফিসিয়াল ম্যাচে নয়, প্রীতি ম্যাচেও কার্যকর হতে পারে। তবে ওই প্রীতি ম্যাচকে ‘টপ-লেভেল’ মর্যাদার হতে হবে। এএফএর অনুরোধ গ্রহণ করে আসন্ন তিন ম্যাচকে সেই মর্যাদা দেওয়ায় নিষেধাজ্ঞাপ্রাপ্ত খেলোয়াড় ও কোচরা এসব ম্যাচে শাস্তির মেয়াদ কাটানোর সুযোগ পাবেন।

‘ক্লাস এ’ বা ‘টপ-লেভেল’ প্রীতি ম্যাচ হিসেবে স্বীকৃতি পেতে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয়। এতে সিনিয়র জাতীয় দলগুলোর অংশগ্রহণ, ফিফার স্বীকৃত অফিসিয়াল নিয়ম অনুসরণ এবং সংশ্লিষ্ট ফুটবল ফেডারেশনগুলোর অনুমোদন থাকতে হয়। খেলোয়াড় বদলের নিয়মসহ ম্যাচ পরিচালনার ক্ষেত্রেও নির্ধারিত শর্ত মানতে হয়।

বিশ্বকাপের ফাইনালের পর সংঘর্ষের ঘটনায় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচ, নাহুয়েল মোলিনাকে সাত ম্যাচ এবং থিয়াগো আলমাদাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। এ ছাড়া আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সহকারী রবার্তো আয়ালাকে নিষিদ্ধ করা হয়েছে তিন ম্যাচের জন্য। তাদের প্রত্যেককে জরিমানাও করা হয়েছে।

আসন্ন তিনটি ম্যাচ ‘টপ-লেভেল’ হওয়ায় নিষেধাজ্ঞাপ্রাপ্তদের শাস্তির মেয়াদ এসব ম্যাচে কার্যকর করার সুযোগ তৈরি হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন