পানিতে নেমে ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন ডিএনসিসি প্রশাসক

রাজধানীর মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকায় ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা এবং ড্রেনেজ ব্যবস্থার কার্যকারিতা সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
শুক্রবার (১০ জুলাই) পরিদর্শনকালে তিনি জমে থাকা পানির মধ্যেই নেমে পানি নিষ্কাশনের নালা, ড্রেন ও আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মীদের দ্রুত পানি অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পরিদর্শনের সময় স্থানীয় দোকানদারদের উদ্দেশে প্রশাসক বলেন, ড্রেন ও নালায় ময়লা-আবর্জনা না ফেললে পানি নিষ্কাশন সহজ হবে। এজন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
পরে প্রশাসক মিরপুর-১২-এর ৬ নম্বর কাঁচাবাজার পরিদর্শন করেন। সেখানে বাজারের অপরিচ্ছন্ন পরিবেশ ও ফেলে রাখা বর্জ্য দেখে অসন্তোষ প্রকাশ করেন।
তিনি তাৎক্ষণিকভাবে দোকানদার, বাজার পরিচালনা কমিটি এবং স্থানীয় প্রতিনিধিদের ডেকে পরিচ্ছন্নতা নিশ্চিত ও সমস্যার দ্রুত সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি ডিএনসিসির অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বাজারের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।