প্রশাসনে বড় পদোন্নতি, যুগ্ম-সচিব হলেন ১৭২ কর্মকর্তা

প্রশাসনে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে উন্নীত করা হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই প্রশাসনের প্রথম বড় পদোন্নতি।
বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আপাতত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রাখা হয়েছে। তবে তাদের নতুন কর্মস্থলে পদায়ন বিষয়ে এখনো কোনো আদেশ জারি হয়নি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে অথবা sa1@mopa.gov.bd ই-মেইল ঠিকানায় যোগদানপত্র পাঠাতে পারবেন।
এতে আরও বলা হয়, পদোন্নতির আদেশে উল্লেখিত কর্মস্থল পরিবর্তিত হয়ে থাকলে বর্তমানে কর্মরত দপ্তরের নাম-ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দিতে হবে।
সরকার জানিয়েছে, পরবর্তী সময়ে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা নতুন তথ্য পাওয়া গেলে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট পদোন্নতির আদেশ সংশোধন বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই পদোন্নতির পর প্রশাসনে যুগ্ম-সচিবের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬১ জন। পদোন্নতির ক্ষেত্রে মূলত বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচকে অগ্রাধিকার দেওয়া হলেও, আগে বিভিন্ন সময়ে পদোন্নতি থেকে বঞ্চিত কয়েকটি ব্যাচের কর্মকর্তারাও এ তালিকায় স্থান পেয়েছেন।
'সরকারের উপসচিব, যুগ্ম-সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২' অনুযায়ী, যুগ্ম-সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৭০ শতাংশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং ৩০ শতাংশ অন্যান্য ক্যাডারের উপসচিবদের বিবেচনায় নেওয়ার বিধান রয়েছে।
একই বিধিমালায় উল্লেখ রয়েছে, উপসচিব হিসেবে কমপক্ষে পাঁচ বছর চাকরিসহ সংশ্লিষ্ট ক্যাডারে ১৫ বছরের অভিজ্ঞতা অথবা উপসচিব হিসেবে অন্তত তিন বছর চাকরিসহ মোট ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে কোনো কর্মকর্তা যুগ্ম-সচিব পদে পদোন্নতির জন্য বিবেচিত হন।