চট্টগ্রাম-২ আসনের এমপি সরোয়ার আলমগীরের শপথ আজ সন্ধ্যায়

ত্রয়োদশ জাতীয় সংসদের চট্টগ্রাম-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় শপথ নেবেন। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার সহকারী পরিচালক মো. রাশেদ মিজান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যা ৭টায় সরোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন সরোয়ার আলমগীর। তবে তার প্রার্থিতা নিয়ে আদালতে মামলা চলমান থাকায় নির্বাচনের ফলাফল প্রকাশ স্থগিত ছিল।
এর আগে নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল করলে তিনি হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি শেষে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট তাকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দিয়ে বিএনপির 'ধানের শীষ' প্রতীক বরাদ্দের নির্দেশ দেন।
পরে একই আসনের জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন ঋণখেলাপির অভিযোগ তুলে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের অনুমতি (লিভ টু আপিল) চান। লিভ মঞ্জুর হওয়ার পর গত ৩১ মার্চ তিনি নিয়মিত আপিল দায়ের করেন।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ নির্দেশ দেন, সরোয়ার আলমগীর নির্বাচনে জয়ী হলেও আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনের ফলাফল প্রকাশ স্থগিত থাকবে।
পরবর্তীতে ১৬ জুন আপিল বিভাগের শুনানি শেষে আদালত হাইকোর্টকে দুই সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ দেন। একই সঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগের স্থগিতাদেশ বহাল রাখার নির্দেশ দেওয়া হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তার নির্বাচনের ফলাফল প্রকাশিত হয় এবং এখন তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন।