সিলেট সীমান্তে উত্তেজনা, বিএসএফের পুশইন চেষ্টায় বাধা বিজিবির

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে ওই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই সাতজন দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখায় অবস্থান করছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ কাউয়ার টুক সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ১২৫১ নম্বর সীমান্ত পিলারের ৩৩ নম্বর সাব-পিলার সংলগ্ন এলাকা দিয়ে বিএসএফ সাতজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা দ্রুত অবস্থান নিয়ে পুশইনের চেষ্টা প্রতিহত করেন। পরে তাদের সীমান্তের ভারতীয় অংশে ফিরে যেতে বাধ্য করা হয়।
বর্তমানে সীমান্ত পিলার থেকে প্রায় ৫০ গজ দূরে ভারতের অংশে ওই সাতজন অবস্থান করছেন বলে জানা গেছে।
৪৮ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, ঘটনাটি নিয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। একই সঙ্গে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে বলেও জানিয়েছে বিজিবি।