বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

পরবর্তী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: আইনমন্ত্রী

পরবর্তী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: আইনমন্ত্রী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত আপিল বিভাগের রায়ের পর আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হবে এবং এর কাঠামো কী হবে, তা পূর্ণাঙ্গ রায় প্রকাশের পরই স্পষ্ট হবে বলে জানান তিনি।

এর আগে আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিধান অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখে। এ রায়ের পর আইনজীবীরা জানান, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান পুনর্বহাল হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘ইনশাআল্লাহ, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। এটি আমাদের রাজনৈতিক অঙ্গীকার।’

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিএনপির দীর্ঘদিনের আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামের ফল। ১৯৯১ সালের রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায় এ ধারণার জন্ম হয় এবং ১৯৯৬ সালে বিএনপি সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সাংবিধানিক কাঠামো প্রণয়ন করেছিল।

মন্ত্রী আরও বলেন, গত ১৬-১৭ বছর ধরে বিএনপি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই বলেই দলটি বিশ্বাস করে এবং এ বিষয়ে সরকার রাজনৈতিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন