বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

বাংলাদেশ-মিশর সম্পর্ক জোরদারে যৌথ মিডিয়া ফোরামের প্রস্তাব

বাংলাদেশ-মিশর সম্পর্ক জোরদারে যৌথ মিডিয়া ফোরামের প্রস্তাব
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ ও মিশরের মধ্যে গণমাধ্যম খাতে পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত করতে দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং একটি বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মোহি এলদিন আহমেদ ফাহমি।

বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।

বৈঠকে তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল যুগে ভুয়া তথ্য ও অপতথ্য মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে দায়িত্বশীল গণমাধ্যম গড়ে তুলতে যৌথ উদ্যোগ প্রয়োজন। তিনি বাংলাদেশ ও মিশরের মধ্যে গণমাধ্যম খাতে সহযোগিতা আরও সম্প্রসারণে সরকারের আগ্রহের কথাও জানান।

মিশরের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও মিশরের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময়ের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

আলোচনায় উভয় পক্ষই মত দেন, তথ্য আদান-প্রদান, সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ ও মিশরের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করা সম্ভব। এ লক্ষ্যেই যৌথ মিডিয়া ফোরাম গঠন এবং রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করার ওপর গুরুত্ব দেওয়া হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন