বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা আসছে বাংলাদেশে

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা আসছে বাংলাদেশে
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, এই সফর দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও জোরদার করবে।

ইতালির রোমে স্থানীয় সময় সোমবার (১৩ অক্টোবর) জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামের (ডব্লিউএফএফ) অনুষ্ঠানের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ব্রাজিলের প্রেসিডেন্ট তার এই আগ্রহের কথা জানান। প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানিয়েছেন।

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, এফএও সদর দপ্তরে দুই নেতা দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট লুলাকে আমন্ত্রণ জানান। লুলা দা সিলভা এই আমন্ত্রণ গ্রহণ করেন এবং আগামী ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন। 

প্রেসিডেন্ট লুলা বলেন, 'আমি বাংলাদেশে যাব।' মুহাম্মদ ইউনূস তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, 'দারুণ হবে।' এ সময় তাদের মধ্যে সামাজিক ব্যবসা, সর্বজনীন স্বাস্থ্যসেবা, সামাজিক অন্তর্ভুক্তি, দারিদ্র্য মোকাবিলায় কৌশলসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজিবিষয়ক সমন্বয়ক লামিয়া মোরশেদ ও পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন