ইতিহাস গড়ার মিশনে আজ মাঠে বাংলাদেশ নারী দল

দুই ম্যাচ খেলেই নারী ওয়ানডে বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে পিছিয়ে পড়ার ঝুঁকিতে নিউজিল্যান্ড। অধিনায়ক সোফি ডিভাইনের দুর্দান্ত দুটি ইনিংসও দলকে রক্ষা করতে পারেনি। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুই হারে টুর্নামেন্টে চাপে রয়েছে কিউইরা। আজ (শুক্রবার) তাদের প্রতিপক্ষ আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ। গুয়াহাটিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।
বিশ্বকাপের আগে টানা ছয় মাস কোনো ওয়ানডে না খেলার খেসারত দিচ্ছে নিউজিল্যান্ড। প্রস্তুতি ম্যাচেও ভারত ও ভারত ‘এ’-এর বিপক্ষে হেরেছিল তারা। মূল পর্বেও চিত্র বদলায়নি—ব্যাটিংয়ে ডিভাইন একাই লড়ছেন (এখন পর্যন্ত দলের মোট রানের ৪২ শতাংশ তার ব্যাট থেকে এসেছে)। অন্যদিকে, বাকি ব্যাটাররা ছন্দে নেই, বোলাররাও কার্যকর হতে পারছেন না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাতটি মিসফিল্ড দলের আত্মবিশ্বাসহীনতাই স্পষ্ট করেছে।
নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ প্রায় পুরোই ডানহাতি ব্যাটারদের নিয়ে গঠিত (ব্রুক হলিডে একমাত্র বাঁহাতি), তাই নাহিদা আক্তারের বাঁহাতি স্পিন ও ফাহিমা-রাবেয়ার লেগ স্পিন তাদের বড় চ্যালেঞ্জে ফেলতে পারে।
২০২২ সালে দুই দলের আগের দুই মুখোমুখি লড়াইয়ে সহজ জয় পেয়েছিল নিউজিল্যান্ড, কিন্তু এবার পরিস্থিতি আলাদা। গুয়াহাটিতে এই ম্যাচে স্পিন-সহায়ক কন্ডিশন কাজে লাগাতে মুখিয়ে আছে বাংলাদেশ। তাছাড়া এই মাঠে ইতিমধ্যেই একটি ম্যাচ খেলে ফেলেছে তারা, যা তাদের বাড়তি আত্মবিশ্বাস দেবে।
টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প নেই নিউজিল্যান্ডের সামনে, আর বাংলাদেশ চাইবে ইতিহাস গড়ে প্রথমবারের মতো তাদের হারিয়ে সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে।
দৈএনকে/রে,আ