বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

বাঁচামরার লড়াই: হংকংয়ের বিপক্ষে মাঠে বাংলাদেশ

বাঁচামরার লড়াই: হংকংয়ের বিপক্ষে মাঠে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

গতকাল ক্রিকেটের মাঠে আফগানিস্তানের কাছে হারের অভিজ্ঞতা নিয়েছে বাংলাদেশ। তবে আজ সেই দুঃখ কিছুটা ভুলে যেতে পারে ফুটবল মাঠের উত্তেজনায়। রাতের ম্যাচে বাংলাদেশ খেলবে হংকংয়ের বিপক্ষে, যেখানে একটি হাইভোল্টেজ লড়াই অপেক্ষা করছে। এই ম্যাচ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধু জয়ের জন্য নয়, বরং দলের মানসিক ও স্পোর্টসম্যানশিপের পরীক্ষা হিসেবেও ধরা হচ্ছে। খেলোয়াড়রা প্রস্তুত মনোবল বাড়িয়ে মাঠে নামার জন্য, যা দর্শক ও সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে।

এই ম্যাচে জয় দরকার আগামী বছর সৌদি আরবে অনুষ্ঠিতব্য এএফসি এশিয়ান কাপের খেলার সম্ভাবনা তৈরি করতে। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত আটটায়।

বুধবার সন্ধ্যায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে দুই দলই নিয়েছে শেষ প্রস্তুতি। আগের রাতে ঢাকায় এসেছেন কানাডা প্রবাসী শামিত সোম। বুধবার তাকে পেয়ে পুরো দল নিয়ে অন্তত একটি সেশন অনুশীলন করতে পেরেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

অনুশীলনে নামার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ক্যাবরেরা বলেছেন, তিনি এবং তার দলের সবাই জানেন কি করতে হবে। ক্যাম্প শুরুর পরই অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছিলেন, ‘হংকংয়ের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য ডু অর ডাই।’

এবার ক্যাবরেরা বলেছেন, ‘আমরা ৯ দিন ধরে অনুশীলন করছি। প্রস্তুতি খুবই ভালো হয়েছে। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলা।’

আজ জিতলে বাংলাদেশের প্রথম পূর্ণ পয়েন্ট পাওয়া হবে এই দেশটির বিপক্ষে। যে তিন পয়েন্ট বাংলাদেশকে টিকিয়ে রাখবে এশিয়ান কাপ বাছাই থেকে চূড়ান্ত পর্বে ওঠার কিঞ্চিত সম্ভাবনায়।

হংকং দুই ম্যাচে ৪ পয়েন্ট পেয়েছে। বাংলাদেশের অর্জন দুই ম্যাচে ১ পয়েন্ট। ঢাকা থেকে ৩ পয়েন্ট নিয়ে যেতে পারলে হংকং হবে সৌদি আরবের টিকিট পাওয়ার অন্যতম দাবিদার। শক্তি-সামর্থ্যে এগিয়ে থাকা দলটি সেই সুযোগ হারাতে চাইবে না। বাংলাদেশ জিতলে টিকে থাকবে লড়াইয়ে, হারলে বাকি তিন ম্যাচ হয়ে যাবে শুধুই আনুষ্ঠানিকতার।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন