বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

মাইলফলক স্পর্শের পথে মোস্তাফিজকে ‘চ্যাম্পিয়ন’ বললেন ভারত কোচ

মাইলফলক স্পর্শের পথে মোস্তাফিজকে ‘চ্যাম্পিয়ন’ বললেন ভারত কোচ
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশের বোলার মোস্তাফিজুর রহমান এখন টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শের পথে আছেন। দেশের প্রথম বোলার হিসেবে এই রেকর্ডটি ছুঁয়ে দিতে তার প্রয়োজন আর মাত্র একটি উইকেট। এই অর্জন মোস্তাফিজকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলকের মালিক করে তুলবে।

এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১১৭ ম্যাচে ১৪৯ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। ১২৯ ম্যাচে তারই সমান উইকেট সাকিব আল হাসানের। আর একটি উইকেট পেলে সাকিবকে তো ছাড়াবেনই, টি-টোয়েন্টি ইতিহাসে সেরা তিন বোলারের মধ্যে চলে আসবে ফিজ।

১৭৩ উইকেট নিয়ে এই তালিকায় এক নম্বরে আফগানিস্তানের রশিদ খান। নিউজিল্যান্ডের টিম সাউদি ১৬৪ উইকেট নিয়ে দুইয়ে আর ইশ সোধি ১৫০ উইকেট নিয়ে আছে তৃতীয় স্থানে।

এশিয়া কাপ টি-টোয়েন্টিতে আজ ভারতের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের। তার আগের দিন সংবাদ সম্মেলনে মোস্তাফিজকে প্রশংসায় ভাসালেন ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট।

ডেসকাটে বলেন, ‘মোস্তাফিজ একজন চ্যাম্পিয়ন। সে অনেকদিন ধরে খেলছে, খুব দক্ষ একজন বোলার। আমরা অবশ্যই জানি সে কী ধরনের দক্ষতা নিয়ে আসে। আমি মনে করি, কেউ যদি আন্তর্জাতিক পর্যায়ে এত দীর্ঘ সময় ধরে এত ভালো করে এবং এরপর আইপিএলে গিয়েও খুব ভালো পারফর্ম করে, সেটা অবশ্যই প্রশংসনীয়।’

বাংলাদেশের বিপক্ষেও চ্যালেঞ্জ নিতে মুখিয়ে থাকার কথা বললেন ভারতীয় এই কোচ, ‘আমরা বাংলাদেশকে সম্মান করি, আমি মনে করি ওরা এখন উন্নতির পথে আছে। ওরা টি-টোয়েন্টির নতুন ধাঁচে মানিয়ে নিয়েছে। সামনে আক্রমণাত্মক খেলোয়াড় রেখে খেলে। আমরা কালকের চ্যালেঞ্জের জন্য অপেক্ষা করছি।’


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ